ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ু সরকার রাজ্যে হিন্দি ভাষা নিষিদ্ধ করতে একটি বিল নিয়ে আসছে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বিধানসভা অধিবেশনের শেষ দিনে এই বিলটি উপস্থাপন করবেন। প্রস্তাবিত আইনে রাজ্যজুড়ে হিন্দি হোর্ডিং এবং হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শুরুতে রাজ্য সরকার সরকারি বাজেটে ভারতীয় মুদ্রা চিহ্নের পরিবর্তে তামিল অক্ষর (‘রু’) ব্যবহার করে নতুন লোগো চালু করেছিল।

স্টালিনের রাজ্য বাজেট ঘোষণার ঠিক আগে এই পদক্ষেপের বিষয়টি সামনে আসে। সরকারি যোগাযোগ ও নথিপত্রে আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে তৎকালীন বিতর্ক চলছিল। তার দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করেছিল, কেন্দ্র সরকার স্থানীয় ভাষার ওপর হিন্দি চাপাচ্ছে।

মুখ্যমন্ত্রী স্টালিন তখন বলেছিলেন, “যদি হিন্দি চাপানো না হয়, ডিএমকে বিরোধিতা করবে না। কিন্তু তামিলদের ওপর জোর করে হিন্দি চাপানো তাদের আত্মসম্মানের ওপর আঘাত।”

স্টালিন আরও বলেন, বিজেপি তিন ভাষানীতির অজুহাতে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দিতে চাইছে, আর তামিলনাড়ু সেই প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়। তিনি জানান, রাজ্যের দুই ভাষার নীতি—তামিল ও ইংরেজি শিক্ষা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে রাজ্যকে অনেক এগিয়ে দিয়েছে। তিনি দক্ষিণ ভারতের সঙ্গে বিজেপির নীতিকে প্রতারণা হিসেবে অভিহিত করে ভাষা ও জনগণের মর্যাদা রক্ষায় কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন।

ডিএমকে অভিযোগ করেছে, জাতীয় শিক্ষা নীতিতে তিন ভাষার সূত্র প্রয়োগের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হিন্দি চাপিয়ে দিতে চাইছে। তবে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

 

Walton Ads