হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে। রানওয়ে থেকে ছিটকে সরাসরি সাগরে পড়ে গেছে একটি কার্গো প্লেন, আর এতে প্রাণ হারিয়েছেন বিমানবন্দরের দুই কর্মী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনটি ছিল এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি।
ভোররাতে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা চার ক্রু সদস্য অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন, তবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুবাই থেকে হংকং আসার পরই দুর্ঘটনা
দেশটির স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকংয়ে অবতরণ করে। কিন্তু উত্তর দিকের রানওয়েতে নামার সময় এটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে গিয়ে পড়ে।
দুই গ্রাউন্ড স্টাফ নিহত
হংকংয়ের সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, ধাক্কা লাগার পর বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও, দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, নিহত দুইজন বিমানবন্দরের কর্মী ছিলেন।
রানওয়ে বন্ধ, তদন্ত শুরু
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে অন্য দুটি রানওয়ে চালু রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিমানবন্দরের কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল একেবারেই স্বাভাবিক, আর রানওয়ের অবস্থাও নিরাপদ ছিল।
প্লেনটি দুইভাগ হয়ে গেছে
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্লেনটি দুই টুকরো হয়ে গেছে, তবে এখনো ব্ল্যাকবক্স উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগ।