দিল্লি বিমানবন্দরে এক ভয়ঙ্কর দৃশ্য! একটি ইন্ডিগো বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত হওয়ার মুহূর্তেই এক যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে হঠাৎ আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা দ্রুততার সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যা বড় কোনো দুর্ঘটনা হওয়া থেকে রক্ষা করে।
রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুর যাওয়ার ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭-এ এই ঘটনাটি ঘটে। বিমানটি ট্যাক্সি করার সময় এক যাত্রীর আসনের সামনের পকেটে রাখা পাওয়ার ব্যাংকটি হঠাৎ জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গেই কেবিন ক্রু দল নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে দ্রুত ব্যবস্থা নেন।
ইন্ডিগো এয়ারলাইন্স তাদের বিবৃতিতে ঘটনাটির বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটিকে অবিলম্বে পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ক্রুরা পুরোপুরি আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
বিমান সংস্থাটি আরও জানায়, এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং সম্পূর্ণ নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটিকে পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি পরে নির্ধারিত সময়ে দিমাপুরে পৌঁছায়।
ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের প্রশংসা করে বলেছে, এই পুরো সময় তারা খুবই শান্ত ছিলেন এবং ক্রুদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন। তবে এই ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন, সেই সংখ্যা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহেও চীনের এয়ার চায়নার একটি ফ্লাইটে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তখন বিমানটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।