রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের ওপর শুল্কের বোঝা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, রাশিয়ার সঙ্গে তেল সংক্রান্ত বিষয়ে ভারত আর জড়িত থাকবে না।

তবে এই দাবির সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যের মিল নেই। এর আগেও ট্রাম্প একই রকম দাবি করলে ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এমন কোনো আলোচনার কথা তারা জানেন না। ট্রাম্প এর জবাবে বলেন, "যদি এটাই তাদের বক্তব্য হয়, তাহলে তারা ব্যাপক শুল্ক দিতে থাকবে। তবে সেটা তো তারা চায় না।"

বিষয়টি আরও জটিল কারণ, রুশ রিফাইনারিতে ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়া তেল রফতানির হার বাড়িয়েছে। বিশেষজ্ঞ সংস্থা কেপলারের হিসাব বলছে, চলতি মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি প্রায় ২০ শতাংশ বেড়ে দৈনিক ১৯ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা অনেক দেশ রাশিয়ার তেল কেনা বন্ধ করলেও, বিশেষ মূল্যছাড়ের সুবিধা নিয়ে ভারত হয়ে ওঠে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। এই তেল কেনাকে পুঁজি করে রাশিয়া যেন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে না পারে, সেজন্যই যুক্তরাষ্ট্র চাপ তৈরি করছে।

এদিকে, ভারতের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন ও দিল্লির মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই বাণিজ্য আলোচনা চলছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভারতের একটি প্রতিনিধি দল আলোচনা শেষে দেশে ফিরেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্পের দাবি সত্ত্বেও, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেই দিনের কোনো ফোনালাপের তথ্য তাদের কাছে নেই। তারা জোর দিয়ে বলেছে, ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য। ওয়াশিংটনের এক কর্মকর্তার দাবি, ভারত ইতিমধ্যে রাশিয়ার তেল কেনার পরিমাণ অর্ধেক কমিয়ে এনেছে। তবে এর প্রভাব ডিসেম্বর বা জানুয়ারির আগে স্পষ্টভাবে দেখা যাবে না।

 

Walton Ads