সৌদি আরব ৭ বিলিয়ন ডলারের মেগা প্রকল্পে নির্মাণ করছে এক হাই-স্পিড রেল, যা লোহিত সাগর থেকে উপসাগরীয় অঞ্চল, অর্থাৎ রিয়াদ থেকে জেদ্দাকে সংযুক্ত করবে। রোববার (১৯ অক্টোবর) ওকাজ আরবি দৈনিকের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এই অত্যাধুনিক রেললাইনের নাম ‘ল্যান্ড ব্রিজ’। অনেকে এটিকে ‘মরুর বিস্ময়’ বলেও ডাকছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মরুভূমি ভেদ করে প্রায় ১৫০০ কিলোমিটার পথ মাত্র ৪ ঘণ্টায় পাড়ি দেওয়া যাবে। বর্তমানে গাড়িতে এই পথে যেতে ১২ ঘণ্টারও বেশি সময় লাগে।
সৌদি ভিশন-২০৩০
সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা ‘সৌদি ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে দেশটির ৫৩০০ কিলোমিটার রেলপথকে বাড়িয়ে ৮০০০ কিলোমিটারের বেশি করার লক্ষ্য নিয়েছে সরকার। এর ফলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের রেল ও বাণিজ্যিক পরিবহনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সৌদি রেলওয়ে কোম্পানি (এসএআর) জানিয়েছে, এই প্রকল্পে মালবাহী ও যাত্রীবাহী স্টেশন তৈরি হবে। বিশেষ করে কিং আব্দুল্লাহ বন্দরকে ইয়ানবু ও অন্যান্য শিল্পাঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। ইতোমধ্যে এসএআর ১৫টি হাই-স্পিড ট্রেন কেনার অর্ডার দিয়েছে, যেগুলো ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।
শুধু বাণিজ্যিক পরিবহন নয়, যাত্রীদের জন্য বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতাও তৈরি করছে সৌদি আরব। শীঘ্রই চালু হচ্ছে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে একটি বিলাসবহুল ট্রেন সার্ভিস। রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত ১২৯০ কিলোমিটার পথে এই ট্রেন মরুভূমির মনোরম দৃশ্য উপভোগের সুযোগ দেবে ভ্রমণপ্রেমীদের।
সম্প্রসারণ পরিকল্পনায় রয়েছে হাইড্রোজেনচালিত ট্রেন, যা পরিষ্কার শক্তি ও টেকসই পরিবহনের প্রতি সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন। রেল ভ্রমণের প্রতি দেশটির উৎসাহ ইতিমধ্যে স্পষ্ট। শুধু ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকেই ২.৬ মিলিয়নের বেশি যাত্রী সৌদির ট্রেনে ভ্রমণ করেছেন।সৌদির ল্যান্ড ব্রিজ রেল প্রকল্প