ভারত নিয়ে পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন! আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনার মাঝে বিস্ফোরক মন্তব্য তালেবানের প্রতিরক্ষামন্ত্রীর

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সাম্প্রতিক উত্তেজনার পেছনে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সোমবার (২০ অক্টোবর) আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, মুজাহিদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "এই অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের নীতি হলো, কখনও অন্য দেশের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।"

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন মুজাহিদ?
তিনি বলেন, "আমরা একটি স্বাধীন জাতি হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করব। একই সাথে আমরা পাকিস্তানের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে চাই।"

মুজাহিদ উল্লেখ করেন, "আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।"

'আক্রমণ করলে সাহসের সঙ্গে মোকাবিলা করা হবে'
তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো দেশ আফগানিস্তান আক্রমণ করে, তবে সাহসের সঙ্গে ভূমি রক্ষা করা হবে। আফগানদের তাদের মাতৃভূমি রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে বলেও তিনি মনে করিয়ে দেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান তার রাজনৈতিক প্রতিপক্ষদের 'সন্ত্রাসী' হিসেবে বর্ণনা করে। অথচ এই 'সন্ত্রাসী' শব্দটির কোনো স্পষ্ট সংজ্ঞা কখনোই ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের নীতি হলো, পাকিস্তানসহ অন্য কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন না করা।

 

Walton Ads