শাশুড়িকে নিজেদের সঙ্গে থাকতে দেবেন না স্ত্রী। এই গভীর অভিমান ও মানসিক কষ্ট থেকে ১৫ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন যোগেশ কুমার নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের ফরিদাবাদের গ্রেটার ফরিদাবাদ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যোগেশ পেশায় একজন রেডিওথেরাপিস্ট ছিলেন।
বার্তা সংস্থা পিটিআই এই খবর দিয়েছে। নিহতের চাচা প্রভাকর সিং এই বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি যোগেশের স্ত্রী নেহা রাওয়াত এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন। এই অভিযোগে ভুপানি থানায় মোট পাঁচজনের নামে এফআইআর ( করা হয়েছে। অভিযুক্তরা হলেন—নেহা রাওয়াত, তার বাবা-মা, এবং দুই ভাই আশীষ ও অমিত রাওয়াত।
যোগেশ মূলত মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। তিনি গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। নয় বছর আগে নেহা রাওয়াতের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের ৬ বছরের একটি সন্তান রয়েছে। এই দম্পতি আগে নয়ডায় থাকতেন। সেখানে নেহা একটি বেসরকারি চাকরি করতেন।
মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে তীব্র দ্বন্দ্ব
অভিযোগকারী চাচার বক্তব্য অনুযায়ী, যোগেশ ও নেহা দু’জনেই চাকরি করায় তাদের সন্তানটির যত্ন নেওয়া সম্ভব হচ্ছিল না। এই কারণে যোগেশ চেয়েছিলেন তার মা যেন তাদের সঙ্গে এসে থাকেন এবং নাতির দেখাশোনা করেন। কিন্তু নেহা এতে কোনোভাবেই রাজি ছিলেন না।
ছয় মাস আগে যোগেশ সন্তানকে নিয়ে ফরিদাবাদের সেক্টর ৮৭-এর পার্ল সোসাইটির ফ্ল্যাটে চলে যান। তবে নেহা নয়ডাতেই থেকে যান। এই সুযোগে যোগেশ সন্তানের যত্ন নেওয়ার জন্য নিজের মাকে ডেকে আনেন।
অভিযোগে বলা হয়েছে, প্রায় এক মাস আগে নেহা পার্ল সোসাইটির ওই ফ্ল্যাটে যোগেশের সঙ্গে থাকতে যান। এরপর থেকেই তিনি যোগেশের মায়ের উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি জানাতে শুরু করেন। একপর্যায়ে নেহার দুই ভাই আশীষ ও অমিত রাওয়াতও সেখানে এসে যোগেশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন, যা যোগেশকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করে।
আত্মহত্যা ও পুলিশের পদক্ষেপ
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নেহাকে নিয়ে যোগেশ গোয়ালিয়রে নিজের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে তিনি নয়ডায় নেহাকে নামিয়ে দিয়ে একাই ফরিদাবাদ ফিরে আসেন।
শুক্রবার রাতে চরম মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি ১৫ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভুপানি থানার এসএইচও ইন্সপেক্টর সঙ্গরাম দাহিয়া জানান, অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য জোর অভিযান চালানো হচ্ছে।