আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও কৌশলগত সহযোগিতা জোরদার করতে আজ সোমবার কুয়ালালামপুরে বসছে পঞ্চম আরসিইপি আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব শীর্ষ সম্মেলন এবং ২০তম পূর্ব এশিয়া সম্মেলন ইএএস।
মালয়েশিয়ার ২০২৫ সালের আসিয়ান সভাপতিত্বের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন’-এর আলোকে এই দুটি সম্মেলন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার নতুন দিকনির্দেশ ঠিক হবে বলে আশা করা হচ্ছে।
দিনের কর্মসূচি
দিনের শুরুটা হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ২৬তম আসিয়ান-দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলন দিয়ে। এতে অংশ নিচ্ছেন আসিয়ানভুক্ত রাষ্ট্রপ্রধানরা, আসিয়ান মহাসচিব ড. কাও কিম হোর্ন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। এই বৈঠকে উদ্ভাবন, জ্বালানি রূপান্তর এবং যুব বিনিময়ে সহযোগিতা বাড়ানোর জন্য কোরিয়া-আসিয়ান সংহতি উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করা হবে।
সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলবে ২৮তম আসিয়ান প্লাস থ্রি সম্মেলন। এতে আসিয়ান দেশগুলোর সঙ্গে যোগ দেবেন চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। বৈঠকে থাকবেন আসিয়ান+৩ ম্যাক্রোইকোনমিক রিসার্চ অফিস, ইস্ট এশিয়া বিজনেস কাউন্সিল এবং ট্রিল্যাটারাল কো-অপারেশন সেক্রেটারিয়েটের প্রতিনিধিরা।
তিমুর-লেস্তের আসিয়ানে যোগদান
দুপুর ১২টা ৩০ মিনিটে তিমুর-লেস্তের আসিয়ানে আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন আসিয়ান ও সংলাপ অংশীদার দেশের নেতারা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হবে আরসিইপি শীর্ষ সম্মেলন, যা চলবে ৩টা ১৫ মিনিট পর্যন্ত। ১৫টি অংশগ্রহণকারী অর্থনীতি মিলে বিশ্বের মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং ডিজিটাল রূপান্তর।
বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে পূর্ব এশিয়া সম্মেলন। এতে আসিয়ান নেতাদের সঙ্গে যোগ দেবেন চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত হবে ১৫তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলন। এখানে আসিয়ান কমিউনিটি ভিশন ২০২৫ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অ্যাজেন্ডা ২০৩০-এর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হবে।
গালা ডিনারে সমাপ্তি
দিনের শেষে রাত ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল অতিথিদের জন্য গালা ডিনারের আয়োজন করবেন।
২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলমান ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও এর সংশ্লিষ্ট বৈঠকগুলো আসিয়ানের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।