মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকের একটি বড় অংশজুড়ে ছিল নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বের বিষয়টি।
সোমবার (২৭ অক্টোবর) বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) এই বিষয়ে একটি পোস্ট করেছেন এস জয়শঙ্কর। এনডিটিভি সূত্রে এই খবর জানা গেছে।
নিজের 'এক্স' পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, "কুয়ালালামপুরে আজ সকালে মার্কো রুবিওর সঙ্গে দেখা করে ভালো লাগছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।"
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পটভূমিতে কুয়ালালামপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
মোদি-ট্রাম্প বৈঠক নিয়ে জল্পনা
মালয়েশিয়ায় এবার আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন চলছে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও সময়সূচির ব্যস্ততার কথা বলে তিনি এতে অংশ নেননি।
তবে, সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অংশ নিয়েছেন। ফলে, আসিয়ান সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠক হতে পারে—এমন প্রতিবেদন প্রকাশিত হলেও, শেষ পর্যন্ত দুই নেতার বহুল প্রতীক্ষিত বৈঠকটি আর হয়নি।
এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট জানিয়েছেন, আলোচনা চলছে; তবে কোনো সময়সীমা মেনে বা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কোনো চুক্তি করবে না নয়াদিল্লি।
এর আগে, রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এবং থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওয়ের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।