ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাগত জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় কিছু পরিবর্তনের জন্য। সংশোধিত প্রস্তাবকে তিনি ‘সঠিক পদ্ধতি’ হিসেবে অভিহিত করেছেন। তবে ক্রেমলিন এই পরিবর্তনগুলো প্রত্যাখ্যান করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মস্কোর জন্য বেশি সমর্থন থাকায় ইউরোপীয় মিত্ররা প্রাথমিক ২৮ দফার প্রস্তাবকে ১৯ দফায় নামিয়ে এনেছেন।
সোমবার জেলেনস্কি টেলিগ্রামে বলেন, এখন যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা যেতে পারে। এবারের প্রস্তাবে অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। তবে এখনও কোনও সময়সীমা নির্ধারণ হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, গত শুক্রবার প্রকাশিত ২৮ দফা সংস্করণটি আর মূল্যায়ন করা হবে না।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা জেনেভায় বৈঠক করেছেন প্রস্তাবটি পর্যালোচনা করার জন্য। তবে রাশিয়ার প্রতিনিধি এ আলোচনায় অংশ নেননি। ক্রেমলিনের এক কর্মকর্তা সোমবার সংশোধনীগুলোকে ‘সম্পূর্ণ অগঠনমূলক’ বলে প্রত্যাখ্যান করেছেন।