নিউইয়র্ক সিটিতে হঠাৎ করেই আট জন ইমিগ্রেশন বিচারককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন। বরখাস্ত হওয়া বিচারকরা সকলেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের সদর দপ্তরে কাজ করতেন।
বরখাস্ত হওয়া বিচারকদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট চিফ ইমিগ্রেশন জাজ আমিনা খান। তিনি অন্যান্য বিচারকদের তত্ত্বাবধান করতেন।
জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রজুড়ে মোট ৯৮ জন ইমিগ্রেশন বিচারক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ১২ জন অ্যাসিস্ট্যান্ট চিফ ছিলেন। এছাড়াও প্রায় সমান সংখ্যক বিচারক স্বেচ্ছায় অবসর নিয়েছেন বা পদত্যাগ করেছেন।
বর্তমানে দেশজুড়ে ইমিগ্রেশন বিচারকের সংখ্যা প্রায় ৬০০ এর নিচে নেমে গেছে। জুলাই মাসে পাস হওয়া কর আইন ৮০০ স্থায়ী বিচারক এবং তাদের সহায়ক দলের গঠনের আহ্বান জানিয়েছিল। এই সময়ে বিচার বিভাগ ১১ জন স্থায়ী নতুন বিচারক এবং ২৫ জন সামরিক পটভূমি সম্পন্ন অস্থায়ী বিচারক নিয়োগ করেছে।
বরখাস্তের সিদ্ধান্তকে কিছু বিচারক অযৌক্তিক এবং অন্যায় বলে সমালোচনা করেছেন।
বর্তমানে ইমিগ্রেশন আদালতে ৩.৪ মিলিয়নেরও বেশি মামলার ব্যাকলগ রয়েছে। এই চাপ মোকাবেলার জন্য পেন্টাগন সর্বোচ্চ ৬০০ জন সামরিক আইনজীবীকে অস্থায়ী বিচারক হিসেবে নিয়োগের পরিকল্পনা করছে।
