আমেরিকায় আত্মঘাতী নির্যাতিত ভারতীয় তরুণী, ভিডিওয় জানান স্বামীর অত্যাচারের কথা
পুত্র সন্তান কেন হয়নি, এই অভিযোগ তুলে দিনের পর দিন স্ত্রীকে পেটাতেন স্বামী! বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনই কাহিনি। কখনও স্বামীর হাতে, কখনও আবার শ্বশুর বাড়ির লোকেদের হাতে অত্যাচারিত হতে হয় মহিলাদের। অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন মহিলারা! এখনও ভারতের কোনও না কোনও জায়গায় এমন পরিবারের দেখা মেলে। তবে সুদূর আমেরিকার (America) বুকে এমন কাণ্ড ঘটল!
মার্কিন মুলুকের নিউ ইয়র্ক সিটিতে এক ভারতীয় বশোদ্ভুত মহিলা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার (America Suicide) পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার আগে নিজের দুঃখের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে গেছেন তিনি। তাঁর মৃত্যুর পরে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট পাড়ায় (Viral Video)। নেটিজেনরা কাঠগড়ায় তুলেছেন মৃতার স্বামীকে।
সোশ্যাল মিডিয়ায় মনদীপ কৌর নামে বছর ৩০ ওই মহিলা একটি ভিডিও পোস্ট করেন। সেই বার্তায় তিনি বলেন, আমি ভেবেছিলাম একদিন আমার স্বামীর মন পরিবর্তন হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আমি আর সহ্য করতে না পেরে এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছি।
তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আমি প্রতিদিন এই অত্যাচার সহ্য করছি। কিন্তু প্রতিদিনের এই মারধর আর নিতে পারছি না।’ দুই বছর ও চার বছরের দুই সন্তানের মা মনদীপ তাঁর ভিডিওতে পরতে পরতে নিজের অত্যাচারের কথা তুলে ধরেছেন তিনি। কীভাবে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। ভিডিওর শেষে তিনি বলেন, ‘বাবা আমাকে ক্ষমা করো। আমি মরতে যাচ্ছি।’
উত্তরপ্রদেশের বিজনরের বাসিন্দা মনদীপ। ২০১৫ সালে রঞ্জোধবীর সিংয়ের সঙ্গে বিয়ে করে আমেরিকায় বসবাস শুরু করেন। বিজনরের মনদীপের পরিবারের আজ শুধুই হতাশা। সঙ্গে আছে সময়ে জামাইকে কিছু বলতে না পারার আক্ষেপ। তাঁরাও আশা করেছিল, একদিন এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দিন আসবে তা ভাবতে পারেননি তাঁরা।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে