মুসলিম পর্যটকদের কথা মাথায় রেখে এখন অনেক অমুসলিম দেশও হালাল পর্যটনের দিকে ঝুঁকছে। হালাল খাবার, নামাজের জায়গা, মুসলিমবান্ধব হোটেল—সবকিছু মিলিয়ে তারা বিশেষ সুবিধা দিচ্ছে। এশিয়ার অমুসলিম দেশগুলোর মধ্যে সেরা ১০টি মুসলিমবান্ধব পর্যটন শহর নিয়ে আজকের লিস্ট—

১. কোবে, জাপান
জাপানের তুলনামূলক শান্ত ও কম পরিচিত বন্দরনগরী কোবে। এখানেই জাপানের প্রথম মসজিদ তৈরি হয়েছে। শহরটা খুব কোলাহলমুক্ত। এখানে মুসলিমবান্ধব হোটেল, নামাজের জায়গা আর হালাল খাবার সহজেই পাওয়া যায়। বিনোদনের ব্যবস্থাও মুসলিমদের জন্য সুবিধাজনক।

২. বুসান, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সুন্দর উপকূলীয় শহর বুসান। এখানকার আল ফাতাহ মসজিদ খুব বিখ্যাত, যা একই সঙ্গে মুসলিম কমিউনিটি সেন্টারও। উজবেক ও ইন্দোনেশিয়ান মুসলিম হোটেল আছে। মুসলিমবান্ধব কোরিয়ান রেস্টুরেন্টও রয়েছে। বিখ্যাত জাগালচি মাছ বাজারেও হালাল প্রক্রিয়ায় মাছ খাওয়ার সুযোগ পাবেন।

৩. কাওশিউং, তাইওয়ান
তাইওয়ান সরকার কাওশিউংকে মুসলিমবান্ধব শহর হিসেবে গড়ে তুলছে। শপিং মল-মার্কেটে হালাল খাবার খুব সহজলভ্য। এখানে কিছু নিরামিষ রেস্টুরেন্ট আছে যেগুলো অ্যালকোহলও দেয় না—মুসলিমদের জন্য বড় স্বস্তি। শহরের কেন্দ্র থেকে মাত্র ১৫ মিনিট দূরে আছে সুন্দর কাওশিউং মসজিদ। হালাল সি-ফুড ও কেনাকাটা এখানে খুব আরামদায়ক।

৪. চেংদু, চীন
পান্ডার জন্য বিশ্ববিখ্যাত চেংদু। এটা হুই মুসলিমদের ঐতিহাসিক শহরও। ষোড়শ শতকে তৈরি হুয়াংচেং মসজিদ এখানকার গর্ব। চীনের অন্য বড় শহরের তুলনায় খরচ কম। তাইনফু এলাকায় একাধিক হালাল রেস্টুরেন্ট আছে। ঐতিহ্যবাহী সিচুয়ান খাবারও হালালভাবে পাওয়া যায়। ল্যাংজহু লামিয়ান নুডলস সবসময় হালাল। সবুজ চিহ্ন দেখলেই বুঝবেন হালাল রেস্টুরেন্ট। নামাজের জায়গা ও হোটেলও সহজলভ্য।

৫. ম্যানিলা, ফিলিপিনস
ফিলিপিনসের রাজধানী ম্যানিলা মোটামুটি মুসলিমবান্ধব। ঐতিহাসিক ইন্ট্রামুরস থেকে শুরু করে কাছেই কোয়াপো জেলা—যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে সোনালি গম্বুজ মসজিদ আছে। হালাল খাবার, নামাজের জায়গা ও হোটেল সহজ। কোয়াপোর স্ট্রিট ফুডও বেশিরভাগ হালাল। ইরমিতা এলাকাতেও প্রচুর হালাল রেস্টুরেন্ট ও হোটেল।

৬. সিয়েম রিপ, কম্বোডিয়া
কম্বোডিয়ার ঐতিহ্যবাহী মুসলিম শহর সিয়েম রিপ। এখানে চেম মুসলিম কমিউনিটি আছে। নেক মাহ মসজিদ খুব বিখ্যাত। হালাল খাবার, নামাজের জায়গা ও হোটেল সহজলভ্য। স্থানীয় মুসলিমরা পর্যটকদের ঘরোয়া খাবার ও থাকার ব্যবস্থা করে দেন। মুসলিম ড্রাইভাররাও সাহায্য করেন।

৭. হায়দরাবাদ, ভারত
ভারতে মুসলিম ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল শহর হায়দরাবাদ। এখানে মুসলিম স্থাপত্য, প্রত্নতত্ত্ব ও নিদর্শন দেখে মন ভরে যাবে। বিখ্যাত বিরিয়ানি ও হালিম তো আছেই। চারমিনার, পুরাতন মুসলিম শহর, মক্কা মসজিদ, গোলকুণ্ডা দুর্গ, লাদ বাজার—সবকিছু মুসলিম পর্যটকদের জন্য আকর্ষণীয়।

৮. গালে, শ্রীলঙ্কা
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা গালে শহর। পর্তুগিজ দুর্গের আশপাশে অনেক মুসলিম পরিবার বাস করে। তারা আরব ও মুর ব্যবসায়ীদের বংশধর। হালাল খাবার ও হোটেল প্রচুর। প্রাচীন মিরা মসজিদ এখানকার গুরুত্বপূর্ণ নিদর্শন।

৯. হুয়া হিন, থাইল্যান্ড
থাই রাজপরিবারের প্রিয় অবকাশকেন্দ্র হুয়া হিন। পাতায়ার মতো কোলাহল নেই, বরং নিরিবিলি সমুদ্রসৈকত। রেলস্টেশনের কাছে মুসলিম এলাকা আছে। রেলওয়ে মসজিদ ও নুরুল ইহসান মসজিদ রয়েছে। পরিবার নিয়ে ঘুরতে খুব আরামদায়ক। হালাল হোটেলে অর্ধচন্দ্র ও তারকা চিহ্ন থাকে।

১০. কাঠমাণ্ডু, নেপাল
হিমালয়ের কোলে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। কাশ্মীরি মুসলিমরা শত শত বছর ধরে এখানে ব্যবসা করে আসছে। থামেল এলাকায় তাদের বেশিরভাগ বাস। এখানে কাশ্মীরি মসজিদ ও জামে মসজিদ আছে। থামেলে হালাল খাবার অনেক সহজলভ্য। শহরে স্বল্প দূরত্বে মসজিদ পাওয়া যায়।

 

Walton Ads