‘রেড কার্পেট ইন’ নামের একটি মোটেলে যৌন ব্যবসা ও মাদক পাচার চক্র চালানোর অভিযোগে ভারতের বংশোদ্ভূত এক দম্পতিসহ মোট পাঁচজনকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মোটেলটিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। অনলাইন এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর ভার্জিনিয়ার ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ৫২ বছর বয়সী কোশা শর্মা এবং তার ৫৫ বছর বয়সী স্বামী তরুণ শর্মা তাদের মালিকানাধীন ‘রেড কার্পেট ইন’ মোটেলের তৃতীয় তলাটি ব্যবহার করতেন মাদক বিক্রি ও পতিতাবৃত্তির কাজে। তবে নিচের তলাগুলোতে সাধারণ অতিথিদের থাকার ব্যবস্থা রাখা হতো। একাধিক গোপন অভিযানের পর ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আদালতের নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাস থেকে কোশা শর্মা—যিনি ‘মা’ বা ‘মামা কে’ নামে পরিচিত—এবং তার স্বামী তরুণ শর্মা—যিনি ‘পপ’ বা ‘পা’ নামে পরিচিত—‘কোশা এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মোটেলটি ইজারা নিয়ে পরিচালনা করছিলেন।
ফৌজদারি অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই দম্পতি মোটেলের ভেতরে একটি যৌন ও মাদক চক্র নির্বিঘ্নে পরিচালনার সুযোগ করে দেন এবং অবৈধ আয়ের একটি অংশ নিজেরা নিতেন। পুলিশ জানায়, কোশা শর্মা মাদক বা যৌনসেবা নিতে আসা লোকদের তৃতীয় তলায় পাঠাতেন। একই সঙ্গে পুলিশ আসার খবর পেলে সংশ্লিষ্টদের আগাম সতর্ক করতেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনী কক্ষে ঢুকতে না পারে।
এই অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ৫১ বছর বয়সী মার্গো পিয়ার্স, ৪০ বছর বয়সী জোশুয়া রেডিক এবং ৩৩ বছর বয়সী রাশার্ড স্মিথ। অভিযোগ অনুযায়ী, তারা সবাই এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আদালতের নথি থেকে জানা যায়, ২০২৫ সালের মে থেকে আগস্টের মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টি পুলিশ ও এফবিআইয়ের গোপন এজেন্টরা যৌনকর্মী, দালাল ও ক্রেতা সেজে অন্তত নয়বার ওই মোটেলে যান। সেখানে অন্তত আটজন নারীকে যৌনকর্মে বাধ্য করা হতো বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, স্মিথসহ কয়েকজন অভিযুক্ত ওই নারীদের দিয়ে যৌনকর্ম করিয়ে প্রতি ঘটনার জন্য ৮০ থেকে ১৫০ ডলার আদায় করতেন। নারীদের মোটেল ছাড়তে দেওয়া হতো না এবং তাদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।
একই সময় গোপন এজেন্টরা মোটেলে ১৫ বার মাদক কেনার অভিযান চালান। এর মধ্যে ১১ বার ফেন্টানিল এবং চারবার কোকেন সরবরাহ করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, মার্গো ওয়ালডন পিয়ার্স, যিনি ‘মার্কো’ নামে পরিচিত, এই সব লেনদেনেই অবৈধ মাদক সরবরাহ করেছেন।
পাঁচ অভিযুক্তের বিরুদ্ধেই ফেন্টানিলসহ নিয়ন্ত্রিত মাদক বিতরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের সাজা নির্দেশিকা ও অন্যান্য আইনগত বিষয় বিবেচনা করে ফেডারেল জেলা আদালতের বিচারক চূড়ান্ত সাজা ঘোষণা করবেন।