ওয়াশিংটনের একতরফা এবং আগ্রাসী নীতির কারণে পুরো বিশ্বে এখন 'জঙ্গলের আইন' চালু হয়ে গেছে বলে কড়া অভিযোগ করেছেন এক মার্কিন অধ্যাপক। তিনি দাবি করেন, আন্তর্জাতিক সব নিয়ম-কানুন এখন দুর্বল হয়ে পড়েছে এবং শক্তিধর দেশগুলোই যা খুশি তাই করছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে যা বলেছিলেন, এই অধ্যাপক তার পুরোপুরি সমর্থন করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সমাজবিজ্ঞানী ও অধ্যাপক র্যামন গ্রোসভোগেল ইরানের সংবাদমাধ্যম ইরনার সাথে এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর বক্তব্য দেন। তিনি স্পষ্ট বলেন, ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক আইনকানুন ভেঙে দিয়েছে এবং বিশ্বকে ঠেলে দিয়েছে 'জঙ্গলের আইন'-এর দিকে। খামেনি ট্রাম্পকে যে সমালোচনা করেছিলেন, তাতে তার পূর্ণ সমর্থন আছে।

গ্রোসভোগেল পার্স টুডেকে বলেন, আজকের বিশ্বে শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলো এক ধরনের 'দায়মুক্তির সংস্কৃতি' নিয়ে কাজ করছে। তাদের অন্যায় অপরাধের জন্য জবাবদিহি করানোর মতো কোনো শক্তিশালী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখন আর অবশিষ্ট নেই।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বিভিন্ন প্রগতিশীল ও স্বাধীনতাকামী শক্তি যদি ঐক্যবদ্ধ হয় এবং দাবি তুলে, তাহলে এই 'অনাক্রম্যতা' বা দায়মুক্তির সংস্কৃতি ভাঙা সম্ভব এবং জবাবদিহি ফিরিয়ে আনা সম্ভব।

গ্রোসভোগেল বর্তমান বিশ্বব্যবস্থাকে বোঝাতে 'ইসরাইলাইজেশন' শব্দটি ব্যবহার করেন। তার মতে, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা, এবং সেসব লঙ্ঘনকে স্বাভাবিক করে তোলার যে প্রক্রিয়া ইসরাইল সরকার দশকের পর দশক ধরে চালিয়ে আসছে, পশ্চিমা দেশগুলোর সমর্থনে সেটিই এখন বিশ্বব্যাপী একটি রীতিতে পরিণত হয়েছে।

তিনি গাজার ঘটনাকে উদাহরণ হিসেবে টানেন। তার মতে, গাজা হচ্ছে আন্তর্জাতিক আইনের সমাপ্তি, মানবাধিকারের সমাপ্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন আধিপত্যে গড়ে উঠা বিশ্বব্যবস্থার পতনের প্রতীক।

গ্রোসভোগেল সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব এখন 'বিশৃঙ্খলার' এক ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে যে কোনো শক্তিধর দেশ ইচ্ছেমতো অন্য দেশের উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। তিনি একে 'জলদস্যুতা' বলে বর্ণনা করেন। এর মানে হলো, দেশগুলোর সম্পদ লুটপাট, রাষ্ট্রনেতাদের অপহরণ – এমন সব কাজ এখন প্রায় স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, এটা ঠিক সেই আচরণ, যা ইসরাইল বহু বছর ধরে চালিয়ে আসছে এবং এখন সেটি বৈশ্বিক রীতি হয়ে উঠেছে।

 

Walton Ads