ভারত সীমান্ত নিরাপত্তা আরও শক্ত করতে বড় একটা পদক্ষেপ নিয়েছে। সীমান্তবর্তী রাজ্যের পুলিশ অফিসার আর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-এর কর্মকর্তাদের বছরে কমপক্ষে ৫০ রাত সীমান্তের গ্রামগুলোতে থাকার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই নির্দেশের মূল উদ্দেশ্য সীমান্তের মানুষদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানো আর স্থানীয়ভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহকে আরও মজবুত করা। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের পাশে থাকা সংবেদনশীল রাজ্য আসাম ও পশ্চিমবঙ্গকে এ ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এই নির্দেশ ইতিমধ্যে পাঠানো হয়েছে ভারতের চার সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ, আইটিবিপি, সশস্ত্র সীমা বল আর অসম রাইফেলসের শীর্ষ কর্মকর্তাদের কাছে। একইসঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোর পুলিশ প্রধানদেরও জানানো হয়েছে বিষয়টা।

গত বছরের নভেম্বরে ছত্তিশগড়ের রায়পুরে ডিজি–আইজি সম্মেলনের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ভারতের দীর্ঘ কাঁটাতারবিহীন সীমান্ত, অনুপ্রবেশ, চোরাচালান আর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা চিন্তার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় সরকারের মতে, শুধু কাঁটাতার লাগানো বা টহল বাড়ালেই সীমান্ত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয় না। সীমান্ত গ্রামের মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের আস্থা অর্জন আর স্থানীয় স্তরে তথ্য জোগাড় করাই আসল নিরাপত্তার ভিত্তি। তাই কর্মকর্তাদের নিয়মিত গ্রামে রাত কাটানোর ওপর এত জোর দেওয়া হয়েছে।

 

Walton Ads