পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির সবচেয়ে ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। বুধবার প্লাজার মেজানাইন ফ্লোরের একটি দোকান থেকেই একসঙ্গে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

করাচি দক্ষিণ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা গণমাধ্যমকে জানান, মেজানাইন ফ্লোরে অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের পুরোপুরি পুড়ে যাওয়া দোকান থেকেই এই ৩০ জনের লাশ উদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, ডিএনএ রিপোর্ট হাতে আসার পরই নিহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত হবে।

ডিআইজি আসাদ রাজা জানান, নিখোঁজদের পরিবার ও দোকানদাররা আগেই বলেছিলেন—আগুন লাগার সময় দোকানে অনেক মানুষ ছিলেন। অনেকে ভেবেছিলেন, দোকানের ভেতরে থাকলে নিরাপদ থাকবেন এবং আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু ধোঁয়া আর শ্বাসরোধের কারণে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা রশিদ জানান, বিয়ের মৌসুমকে সামনে রেখে ‘দুবাই ক্রোকারিজ’ দোকানে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল। সাধারণত রাত ১০টায় দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু সেদিন রাত ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণেই অস্বাভাবিক ভিড় জমেছিল দোকানে।

উল্লেখ্য, গত শনিবার রাতে এম এ জিন্নাহ রোডে অবস্থিত এই বিশাল প্লাজায় আগুন লাগে। প্রায় ১ হাজার ২০০ দোকানের এই ভবনে আগুন রোববার নিয়ন্ত্রণে এসেছে বলা হলেও, সোমবার ধ্বংসস্তূপ থেকে আবারও আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুনের প্রচণ্ড তাপে ভবনের কিছু অংশ ধসে পড়েছে, যা উদ্ধারকাজকে আরও বিপজ্জনক করে তুলেছে।

Karachi Gul Plaza fire, Karachi shopping mall fire tragedy, 61 dead Karachi fire, Dubai Crockeries 30 bodies recovered, Karachi fire

Walton Ads