সাবহেডিং: বাংলাদেশি বিবিসি অনলাইনের খবর, একসময় লাউক্কাইংয়ের 'মাফিয়া রাজা' ছিল তারা, প্রতারণা ও জুয়া থেকে আয় ১০ বিলিয়ন ইউয়ান
মিয়ানমারের সীমান্তবর্তী শহর লাউক্কাইংয়ের কুখ্যাত একটি প্রতারণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত মিং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে অনলাইন বিবিসি।
গত সেপ্টেম্বরে ঝেজিয়াং প্রদেশের একটি আদালত এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, অবৈধ আটক, প্রতারণা এবং জুয়ার আসর চালানোর মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে রায় দেন।
এই মিং পরিবার ছিল সেই কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর একটি, যারা চীনের সীমান্তের কাছাকাছি মিয়ানমারের দরিদ্র শহর লাউক্কাইং প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করত। এক সময় শহরটি তাদের দখলে ক্যাসিনো, নাইটলাইফ এবং দেহব্যবসার কেন্দ্রে পরিণত হয়।
২০২৩ সালে এই প্রতারণা সাম্রাজ্যের পতন ঘটে। চলমান গৃহযুদ্ধের সময় লাউক্কাইং দখল করা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো মিং পরিবারের সদস্যদের আটক করে পরে চীনের হাতে তুলে দেয়। বছরের পর বছর ধরে মিয়ানমারে চলা এই প্রতারণা চক্রে হাজার হাজার চীনা নাগরিক ফাঁসে পড়েন, যাদের মানব পাচারের মাধ্যমে অনলাইন প্রতারণায় বাধ্য করা হতো।
চীনের সর্বোচ্চ আদালতের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে মিং মাফিয়ার প্রতারণা ও জুয়ার ব্যবসা থেকে তাদের আয় হয়েছিল প্রায় ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন মার্কিন ডলার)। গত নভেম্বরে আদালত তাদের আপিল খারিজ করে দেয়।
আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধ চক্রের কারণে অন্তত ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। চীন এই কঠোর শাস্তিকে একটি গুরুত্বপূর্ণ ন্যায়বিচার হিসেবেই দেখছে।