যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের গোপন নথি প্রকাশ করার পর আন্তর্জাতিক মহলে ভারতের নাম চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রকাশিত সেই নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ থাকায় দেশটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

এই নথিগুলোতে রয়েছে প্রায় ৩০ লাখ পাতার কাগজ, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২০০০টি ভিডিও। নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও শত শতবার এসেছে। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের উল্লেখ পাওয়া গেছে।

এই প্রকাশনার পর থেকেই ভারতজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা, সমালোচনা ও তর্কবিতর্ক শুরু হয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি ভিডিও বিবৃতি জারি করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "প্রধানমন্ত্রী মোদির নাম এসেছে এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। এই তথ্যগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।"

তবে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নথিতে মোদির নাম উল্লেখ থাকাকে 'জাতীয় লজ্জা' বলে অভিহিত করেছে। দলটি এই ঘটনায় সরকারের কাছ থেকে স্পষ্ট ও পূর্ণ ব্যাখ্যা দাবি করেছে।

 

Walton Ads