পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর বড় অভিযানে অন্তত ৯২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনা। শনিবার (৩১ জানুয়ারি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের একযোগে হামলার জবাবে সেনাবাহিনী এই বড় ধরনের অপারেশন চালায়।

রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সেনাবাহিনী আরও জানিয়েছে, এই সহিংসতায় ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৮ জন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। পাকিস্তান এই হামলার পেছনে ভারতের হাতের অভিযোগ তুললেও, দিল্লি বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আগেই এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, তারা ডজনখানেক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।

বেলুচিস্তানে কয়েক দশক ধরে চলা জাতিগত সংঘাতের ইতিহাসে এটি অন্যতম রক্তক্ষয়ী ঘটনা। শনিবার রাতে সেনাবাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রদেশের ১২টি শহর ও জনপদে একযোগে হামলা চালায়। 

এর জবাবে সেনাবাহিনী পুরো প্রদেশজুড়ে ‘ক্লিয়ারেন্স’ অপারেশন শুরু করে এবং বিদ্রোহীদের ‘অশুভ পরিকল্পনা’ ভেস্তে দেয়।
অভিযানের সময় কোয়েটার শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন ও আশেপাশের রাস্তাগুলো সিল করে দেওয়া হয়। মোবাইল নেটওয়ার্ক জ্যাম করা হয় এবং আঞ্চলিক ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়।

 

Walton Ads