হরমুজ প্রণালীতে উত্তেজনা আবারও চরমে। মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক।

সংস্থাটির তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওমান উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ‘স্টেনা ইম্পারেটিভ’ নামের ওই জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর সশস্ত্র সদস্যদের বহনকারী তিন জোড়া ছোট বোট।

ভ্যানগার্ড টেক জানায়, ইরানি বোটগুলো রেডিও বার্তার মাধ্যমে জাহাজটির ক্যাপ্টেনকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে ক্যাপ্টেন সেই নির্দেশ উপেক্ষা করে গতি বাড়িয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যান। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি একটি মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস ভিন্ন দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি নামহীন জাহাজ অবৈধভাবে ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে জাহাজটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, সামরিক উপস্থিতি ও কূটনৈতিক টানাপোড়েন বাড়ার সঙ্গে সঙ্গে হরমুজে এমন ঘটনার ঝুঁকিও বাড়ছে।

 

news