নাইজেরিয়ার কওয়ারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। রেড ক্রসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটি প্রাথমিকভাবে ৬৭ জন নিহতের খবর দিয়েছিল।

কওয়ারা রাজ্য রেড ক্রসের সেক্রেটারি বাবাোমো আয়োদেজি জানান, উদ্ধার কাজ এখনও চলছে। তিনি বলেন, “এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।” কাইয়ামা অঞ্চলের স্থানীয় আইনপ্রণেতা সাইদু বাবা আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওরো গ্রামে হামলার পর প্রথম দফায় ৩৫ থেকে ৪০টি মৃতদেহ গোনা হয়েছিল।

পুলিশ হামলার ঘটনা নিশ্চিত করলেও হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি। রাজ্য সরকার এই নৃশংস হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।

সাইদু বাবা আহমেদের ভাষ্য অনুযায়ী, অনেক মানুষ গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গলের দিকে পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বন্দুকধারীরা ওরো গ্রামে হামলা চালায়। এ সময় তারা দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং স্থানীয় রাজার প্রাসাদ পুড়িয়ে দেয়।

কওয়ারা রাজ্যের গভর্নর আবদুলরাহমান আবদুলরাজাক এই হামলাকে রাজ্যের বিভিন্ন অংশে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ বলে মনে করছেন। তিনি একে ‘সন্ত্রাসীদের কাপুরুষোচিত প্রতিক্রিয়া’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।

এর আগে গত মাসে নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, কওয়ারা রাজ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত অভিযান শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এসব অভিযানে ১৫০ জন ‘ব্যান্ডিট’ নিহত হয়েছে।

গত ৩০ জানুয়ারি এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা সফলভাবে সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করেছে, যদিও কিছু জঙ্গি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে তাদের আস্তানাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

 

news