যুক্তরাষ্ট্রে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত দাতব্য উদ্যোক্তা বিল গেটস। এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, এই সম্পর্ক ঘিরে এখনও বহু প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন,
“আমি তার সঙ্গে যত মিনিট সময় কাটিয়েছি, প্রতিটি মিনিটের জন্যই অনুশোচনা করি এবং ক্ষমা চাই।”

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। এসব নথিতে ইমেইল, ছবি এবং আর্থিক লেনদেনের তথ্য রয়েছে, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়।

প্রকাশিত নথির মধ্যে থাকা একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটসের সঙ্গে তার সম্পর্ক ছিল ব্যাপক। ওই ইমেইলে তিনি লেখেন, গেটসের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের পরিণতি সামলাতে মাদক সংগ্রহে সহায়তা থেকে শুরু করে বিবাহিত নারীদের সঙ্গে গোপন সম্পর্কের আয়োজনেও তিনি জড়িত ছিলেন।

তবে ইমেইলটি কখনো পাঠানো হয়নি। বিল গেটস এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলেন,
“ইমেইলটি কখনো পাঠানো হয়নি। সেটি পুরোপুরি ভিত্তিহীন। আমি জানি না, সে কেন এমন কথা লিখেছিল। হয়তো আমাকে আক্রমণ করার চেষ্টা ছিল। সে অনেক ধনী মানুষের সঙ্গে পরিচিত ছিল এবং বলত, তাদের কাছ থেকে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ আনতে পারবে। পরে বুঝেছি, সেটি ছিল ভুল সিদ্ধান্ত।”

বিল গেটস জানান, তিনি প্রথম এপস্টেইনের সঙ্গে পরিচিত হন ২০১১ সালে। এরপর পরবর্তী তিন বছরে কয়েকবার নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনোই এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াননি বলে স্পষ্ট করেন।

এদিকে নথি প্রকাশের পর বিল গেটসের এক মুখপাত্রও একই সুরে কথা বলেন। তিনি জানান, এসব নথি আসলে এটিই দেখায় যে গেটসের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে না পেরে এপস্টেইন হতাশ হয়ে পড়েছিল এবং অপবাদ ও ফাঁদ পাততে সে কতদূর যেতে পারত।

 

news