যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করলো ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এই ঘাঁটির কার্যক্রম শুরু করেছে।

সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানি সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মৌসাভি এবং আইআরজিসির অ্যারোস্পেস শাখার কমান্ডার সাইয়েদ মাজিদ মৌসাভির পরিদর্শনের সময় ঘাঁটিটি উন্মোচন করা হয়।

এই সফরের সময় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সামর্থ্য এবং যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি, এই কৌশলগত ইউনিটের অগ্রগতি এবং প্রস্তুতি বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিস্তারিত জানানো হয়।

নতুন ঘাঁটিতে বক্তব্য রাখতে গিয়ে আবদোলরহিম মৌসাভি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা আরও বাড়িয়ে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তিনি বলেন, "শত্রুদের যেকোনো পদক্ষেপের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।"

তিনি আরও যোগ করেন, "গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের সামরিক নীতিতে বড় পরিবর্তন এনেছি। এখন আমাদের নীতি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক। এই নতুন কৌশলে দ্রুত, বড় আকারের অভিযান এবং শত্রুপক্ষকে বিধ্বস্ত করার সামরিক পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে।"

এর আগে, গত রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে জানানো হয়েছিল, মৌসাভি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে তাদের যেকোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "সামান্যতম ভুলই ইরানকে জবাব দেয়ার পূর্ণ স্বাধীনতা দেবে। তখন কোনো আমেরিকানই নিরাপদ থাকবে না এবং এই অঞ্চলের আগুন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরও পুড়িয়ে ছাড়খার করবে।"

 

news