পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এক সপ্তাহ ধরে চলা বড় অভিযান শেষ হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানে মোট ২১৬ জন জঙ্গি নিহত হয়েছে। তবে এই সময়ে হামলা ও পাল্টা অভিযানে নিরাপত্তা সদস্য এবং বেসামরিক নাগরিকদেরও প্রাণহানি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘রদ্দুল ফিতনা ১’ নামে গোয়েন্দাভিত্তিক অভিযান শুরু হয়। এর পরপরই নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একাধিক জায়গায় সমন্বিত হামলা চালায়। স্কুল, ব্যাংক, বাজার এবং নিরাপত্তা স্থাপনায় একযোগে হামলা হয়। ফলে পাকিস্তানের সবচেয়ে বড় এবং দরিদ্র প্রদেশ বেলুচিস্তান কার্যত অচল হয়ে পড়ে।
পরে সুনির্দিষ্ট পরিকল্পনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালায়। অভিযান শুরু হওয়ার পর থেকে বেলুচিস্তানজুড়ে মোট ২১৬ জন জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।

নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় সরকারি ভবন ও পুলিশ স্টেশন দখল করে নেয়। মরু শহর নুশকি টানা তিন দিন তাদের নিয়ন্ত্রণে ছিল। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।
উল্লেখ্য, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ চালিয়ে আসছে। তারা স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশের দাবি জানিয়ে আসছে।

 

news