ইরানের সামরিক বাহিনীতে রাশিয়ার অত্যাধুনিক এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার যোগ হয়েছে বলে দাবি করছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদন বলছে, গত জুনে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষা ব্যবস্থা আবার শক্তিশালী করতেই এই হেলিকপ্টার সংগ্রহ করেছে তেহরান।

একটি মার্কিন প্রতিরক্ষা-বিষয়ক ওয়েবসাইটের বরাত দিয়ে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইরানের আকাশে রাশিয়ার তৈরি এমআই-২৮ এনই মডেলের অ্যাটাক হেলিকপ্টার উড়তে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। অবশ্য, এখনও পর্যন্ত ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে অনেক সামরিক বিশ্লেষকই এই ফুটেজকে গুরুত্ব সহকারে নিচ্ছেন।

এছাড়াও, গত সপ্তাহে অনলাইনে কিছু ছবি প্রকাশ পেয়েছে, যাতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পার্স অ্যারোস্পেস সার্ভিসের একটি হ্যাঙ্গারে একই মডেলের হেলিকপ্টার দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

গত ৩ জানুয়ারি ইরানি সাংবাদিক মোহাম্মদ তাহেরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি এমআই-২৮ হেলিকপ্টারের ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে হেলিকপ্টারটিকে মরুভূমির জন্য উপযোগী 'ডেসার্ট ক্যামোফ্লেজ' রঙে দেখা যায়।

রাশিয়ার তৈরি এই এমআই-২৮ হেলিকপ্টার মূলত যুদ্ধক্ষেত্রে সরাসরি আক্রমণের জন্য ব্যবহার করা হয়। এতে ৩০ মিলিমিটার অটোমেটিক কামান, ট্যাংক ধ্বংসের জন্য গাইডেড মিসাইল এবং রকেট সিস্টেম লাগানো থাকে। আধুনিক রাডার ও ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে এটি কঠিন আবহাওয়াতেও শত্রু শনাক্ত করতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, চলতি জানুয়ারি মাসেই রাশিয়া থেকে ইরানে অন্তত পাঁচটি আইএল-৭৬ কার্গো বিমানের যাতায়াত ফ্লাইট ট্র্যাকিং ডেটায় ধরা পড়েছে। তবে, ওই বিমানগুলোতে ঠিক কী ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্রশস্ত্র আনা হয়েছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

 

news