ইসলামাবাদে শুক্রবারের ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অর্থায়ন ও টার্গেটের তথ্য সরবরাহের অভিযোগ তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি দাবি করেছেন, হামলার মূল পরিকল্পনাকারী নিষিদ্ধ জঙ্গি সংগঠন দায়েশ (আইএস)-এর সঙ্গে যুক্ত এক ব্যক্তি এখন পাকিস্তানের হেফাজতে। হামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, হামলার পরপরই খাইবার পাখতুনখোয়ার (কেপি) পেশোয়ার ও নওশেরা এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা ও তার সহযোগীদের ধরা হয়।
শুক্রবার ইসলামাবাদের একটি ইমামবাড়িতে নামাজ চলাকালে এই আত্মঘাতী হামলা হয়। এতে কমপক্ষে ৩৩ জন নিহত হন এবং ডজনখানেক মানুষ আহত হন।

নাকভির কথায়, হামলাকারী প্রথমে গুলি চালায়। তারপর ফেডারেল রাজধানীর তারলাই এলাকার ইমামবাড়ির প্রবেশমুখে নিজের শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি, এই সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন ভারত থেকেই হচ্ছে। তাদের লক্ষ্যবস্তুর তথ্যও ভারত সরবরাহ করছে।

তিনি আরও জানান, খাইবার পাখতুনখোয়া কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে সিটিডি ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করেছে। অভিযানের সময় কেপি পুলিশের একজন সদস্য নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, হামলাকারীকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কীভাবে তাকে পাকিস্তানে আনা হয়েছে—এ বিষয়ে সরকারের কাছে প্রমাণ রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ আফগানিস্তানে দেওয়া হয়েছে।

 

news