সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে United States-এ নিয়ে যাওয়ার এক মাসেরও বেশি সময়ের পর ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশটির বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ-এর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপণনে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে আমাদের বর্তমান সম্পর্ককে আমি দশে দশ দেব।”

দেলসি রদ্রিগুয়েজের সরকারকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা ইতোমধ্যেই তা করেছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং তারা ভালোভাবেই দায়িত্ব পালন করছে।”

ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ। -এর তথ্য অনুযায়ী, দেশটির খনিতে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্বের মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ। এছাড়া দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণের মজুতও রয়েছে।

তবে বামপন্থি নেতা মাদুরোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। ২০১৬ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। তার উত্তরসূরি জো বাইডেন-এর সময়ও সেই নিষেধাজ্ঞা বহাল ছিল।

গত ৪ জানুয়ারি রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।

মাদুরোকে আটকের পর ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। তিনি বলেন, তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থায় মার্কিন কোম্পানিগুলোকে দায়িত্ব দেওয়া হবে। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনির্দিষ্ট সময়ের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র।

মাদুরোকে আটকের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেলসি রদ্রিগুয়েজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছেছে তার সরকার। তবে তিনি দাবি করেন, ভেনেজুয়েলা এখনও তাদের সার্বভৌমত্ব বিসর্জন দেয়নি এবং নিকোলাস মাদুরোই দেশটির বৈধ প্রেসিডেন্ট।

 

news