ডিফেন্স ডেস্ক: ভারতের আকাশ প্রতিরক্ষা আরও মজবুত করতে রাশিয়ার সঙ্গে নতুন বড় চুক্তির খবর! এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের জন্য এই ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ অনুমোদন দিয়েছে। এই কেনায় আনুমানিক খরচ হবে প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে বৃহস্পতিবারই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সামরিক আধুনিকীকরণ এবং বিভিন্ন অপারেশনাল চাহিদা মেটাতে প্রায় ৩৯ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ওই ঘোষণায় সরাসরি এস-৪০০-এর নাম না থাকলেও যুদ্ধবিমান, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট এবং রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা বলা হয়েছিল।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভারতীয় বিমানবাহিনী রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ সিস্টেম সংগ্রহ করতে খুবই আগ্রহী। এসব সিস্টেম প্যান্টসির স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা হবে।

অনুমোদিত ২৮৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১২০টি স্বল্পপাল্লার এবং ১৬৮টি দীর্ঘপাল্লার। এসব কেনার প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই চুক্তি ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এতে করে ভারতের সীমান্ত রক্ষায় নতুন মাত্রা যোগ হবে।

 

news