জেনেভায় কূটনৈতিক আলোচনা শেষ হতেই পাল্টা বার্তা! ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকের পরপরই যৌথ সামরিক মহড়ায় নামছে তেহরান ও মস্কো। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এই মহড়া শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বন্দর আব্বাসে পৌঁছেছে রুশ যুদ্ধজাহাজ

যৌথ মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ ‘স্টোইকি’। ইরান-রাশিয়া এই নৌ-মহড়ার মাধ্যমে সমুদ্রে নিরাপত্তা জোরদার ও দুই দেশের নৌবাহিনীর সম্পর্ক আরও মজবুত করতে চায় বলে জানা গেছে।

এর আগে গত সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে মহড়া চালায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। ওই মহড়া ছিল এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু বুধবার জানান, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার থেকে যৌথ মহড়া শুরু হবে। তবে কত দিন চলবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মহড়ার সময় আংশিক বন্ধ থাকবে হরমুজ

তেহরান জানিয়েছে, মহড়া চলাকালে নিরাপত্তার কারণে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালির একটি অংশ বন্ধ রাখা হবে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

জেনেভায় আলোচনা, ওমানের মধ্যস্থতা

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা-য় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনার মধ্যস্থতা করে ওমান। এর আগে ওমানের রাজধানী মাসকাটে প্রথম দফার আলোচনা হয়েছিল। ইরানের পরমাণু ইস্যু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধানের পথ খোঁজাই ছিল এই আলোচনার লক্ষ্য।

তবে গত বছর জুনে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আলোচনা থেমে যায়। সেই সময় ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রও।

খামেনির কড়া হুঁশিয়ারি

এই উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্কবার্তা দিয়েছেন—পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরিগুলো ‘সমুদ্রের তলদেশে ডুবিয়ে’ দেওয়া হতে পারে।

তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন চপেটাঘাত খেতে পারে, যেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ মন্তব্যের জবাব হিসেবেই এই বার্তা দিয়েছেন খামেনি।

 

news