যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় প্রতিবাদ করায় দুই মুসলিম নারী এমপি ইলহান ওমর এবং রাশিদা তালাইবের ওপর কড়া ক্ষোভ ঝেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাদের এই প্রতিবাদে এতটাই বিরক্ত হয়েছেন তিনি যে সরাসরি তাদের দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইলহান ও রাশিদাকে ‘নিম্ন মেধার মানুষ’ বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন, তাদের আচরণ ‘কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের মতো’ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে তাদের যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো উচিত—যত দ্রুত সম্ভব।
গত ২৪ অক্টোবর কংগ্রেসে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেন ট্রাম্প। ওই সময় অবৈধ অভিবাসী নির্মূল অভিযানের পক্ষে কথা বলছিলেন তিনি। তখনই তার বক্তব্যের প্রতিবাদে দাঁড়িয়ে স্লোগান দেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এই দুই এমপি। সে সময় ইলহান ওমর সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “আপনি মার্কিনীদের হত্যা করছেন।”
বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লেখেন, “স্টেট অব দ্য ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যখন আপনি নিম্ন মেধার ইলহান ওমর এবং রাশিদা তালাইবকে অনিয়ন্ত্রিতভাবে চিৎকার করতে দেখেন, তখন তাদের ফুলে ওঠা রাগ দেখে মনে হয় তারা পাগল, মানসিকভাবে অসুস্থ এবং তাদের শিক্ষার প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যারা এমন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের মতো আচরণ করে, দেশের স্বার্থে তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করা উচিত। আমাদের উচিত তাদের সেখানে ফেরত পাঠানো, যেখান থেকে তারা এসেছে। যত দ্রুত সম্ভব এটা করা দরকার। কারণ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা ছাড়া তারা আর কিছু করতে পারবে না।”
মিনেসোটা অঙ্গরাজ্যের এমপি ইলহান ওমরের জন্ম মোগাদিশুতে। তিনি ১৩ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন এবং পরে কংগ্রেস সদস্য হন।
