ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই এই প্রথমবারের মতো মার্কিন সেনাদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তিনজন সেনা প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এক বিবৃতিতে জানিয়েছে, “মধ্যপ্রাচ্যে আমাদের তিনজন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। যাদের আঘাত গুরুতর নয়, তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরে গেছেন।”
বিবৃতিতে নিহত বা আহত সেনাদের নাম প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, এই সেনারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত ছিলেন এবং মূলত সাপ্লাই ও লজিস্টিক বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়েছে। যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। মার্কিন সেনাদের মৃত্যুর খবর এই সংঘাতের গুরুতর মাত্রা আরও স্পষ্ট করে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে তা ব্যাপক শোরগোল তৈরি করেছে।
