কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তৃতীয় দিন সোমবার কুয়েতের স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। বিমান চালক অক্ষত আছেন। ভূপৃষ্ঠে পতনের মুহূর্তে নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে নেমে আসেন তিনি।
বিধ্বস্ত বিমানটি কুয়েতের তেল শোধনাগার মিনা আল আহমাদি রিফাইনারির ভেতরে পড়ে যায়। এতে আহত হন শোধনাগারের ২ জন শ্রমিক।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও যুক্তরাষ্ট্র বা কুয়েত থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রাথমিক সূত্রে জানা গেছে, কুয়েতে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভুলবশত ‘ফ্রেন্ডলি ফায়ার’ এই ঘটনায় দায়ী হতে পারে।
প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হলো একটি মার্কিন-নির্মিত আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শত্রু বিমান এবং ড্রোন ধ্বংসের জন্য তৈরি। সাধারণত এটি নিখুঁত কাজ করে, কিন্তু বিরল ক্ষেত্রে ভুলও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, উড়ন্ত বস্তুকে ভুল শনাক্ত করা, রাডার বিভ্রান্তি, শত্রু বা বন্ধু উড়ন্ত বস্তু সনাক্তে ত্রুটি এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এই ধরনের ভুল ঘটে।
