ওমানের রাজধানী মাসকটের উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। বিস্ফোরক বোঝাই নৌকার এই হামলায় জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছেন বলে সোমবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে ।

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজটি হামলার শিকার হয়। ওমান নিউজ এজেন্সির তথ্যমতে, মাসকটের সুলতান কাবুস বন্দর থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে একটি ড্রোন বোটের মাধ্যমে এই হামলা চালানো হয় । জাহাজটিতে প্রায় ৫৯ হাজার ৪৬৩ মেট্রিক টন পণ্য ছিল বলে জানা গেছে ।

হামলায় নিহত ক্রু সদস্য ভারতীয় নাগরিক। জাহাজে থাকা বাকি ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রুদের মধ্যে ১৬ জন ভারতীয়, ৪ জন বাংলাদেশি এবং ১ জন ইউক্রেনের নাগরিক রয়েছেন । প্যানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি স্যান্ডের মাধ্যমে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ ।

ওমানের রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য প্রয়োজনীয় নৌ-সতর্কতা জারি করা হয়েছে ।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ।

আইআরজিসি বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে ।

 

news