ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাহরাইনে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির বিভিন্ন স্থানে একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছে ।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিটি শেখ ঈসা অঞ্চলে অবস্থিত । রোববার থেকে ঘাঁটিটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানের সেনাবাহিনী । আইআরজিসি জানিয়েছে, ভোররাতে ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে এই ‘বৃহৎ আকারের’ হামলা চালানো হয় । এতে ওই ঘাঁটিটির প্রধান কমান্ড সেন্টার এবং জ্বালানি ট্যাংক ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে ।

হামলার পর বাহরাইনের রাজধানী মানামার আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গেছে । এছাড়া মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদরদপ্তর এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখান থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ।

এদিকে ইরানের এই হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইন, ইরাক ও জর্ডানে অবস্থানরত ‘অ-জরুরি’ মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওই দেশগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে । পাশাপাশি এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ।

 

news