আন্তর্জাতিকভাবে পরিচিত সামরিক ম্যাগাজিন Military Watch Magazine এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’ এখন পশ্চিমা বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত উচ্চ গতি এবং উন্নত কৌশলী সক্ষমতার কারণে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে, এর গতিপথ পরিবর্তনের ক্ষমতা এবং দ্রুতগতির সমন্বয় একে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ম্যাগাজিনটি দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থানে এই ক্ষেপণাস্ত্রের আঘাতের ছবি প্রকাশ করে বলেছে, ফাতাহ-২ এখন পুরো অঞ্চলের সামরিক সমীকরণে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, ফাতাহ-২-এ ব্যবহৃত প্রযুক্তি অত্যন্ত উন্নত মানের এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আরও বলা হয়েছে, বিশ্বের যেসব দেশের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে, তাদের মধ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ নাম। এই অর্জনের ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, ফাতাহ-২ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
