ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর কথিত আগ্রাসন এবং ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, কয়েকজন সামরিক কমান্ডার ও কয়েকশ বেসামরিক নাগরিকের শাহাদাতের ঘটনার পর ইরানের সশস্ত্র বাহিনী পৃথক পৃথক বিবৃতি দিয়েছে।
পার্সটুডে জানায়, রোববার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার শাহাদাতে গভীর সমবেদনা প্রকাশ করে কড়া বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, “ইরানি জাতির শত্রুদের—বিশেষ করে অপরাধী আমেরিকা ও দুষ্ট ইসরায়েলি শাসক গোষ্ঠীকে—আমরা আমাদের শক্তি, সামর্থ্য এবং জনগণের সমর্থন নিয়ে অনুশোচনায় ভোগাব।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিশ্বের মুক্তিকামী জনগণের নেতা ও পরামর্শদাতার মূল্যবান উত্তরাধিকার এখন ইরানের সাহসী ও বীর জাতি এবং প্রতিশোধপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর জন্য আলোকবর্তিকায় পরিণত হয়েছে।”
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা Islamic Revolutionary Guard Corps আইআরজিসি-এর জনসংযোগ বিভাগও এক ঘোষণায় জানিয়েছে, অধিকৃত অঞ্চল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইতিহাসের সবচেয়ে সহিংস হামলা চালাবে।
অন্যদিকে ইরানের সেনাবাহিনীও আলাদা বিবৃতিতে বলেছে, “মহান আল্লাহর সাহায্য, জনগণের সমর্থন এবং সংগ্রামী চেতনায় গর্বিত ইসলামি ইরান ও তার সশস্ত্র বাহিনীতে জাতির সাহসী সন্তানদের দৃঢ় উপস্থিতি নিশ্চিত করবে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশবিক কর্মকাণ্ড কোনোভাবেই বিনা জবাবে পার পাবে না।”
সেনাবাহিনীর বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, “ইসলামি বিপ্লবের শহীদদের পথ শেষ নিঃশ্বাস পর্যন্ত অব্যাহত থাকবে। ইরানের সেনাবাহিনী জাতির শক্ত ঘাঁটি হিসেবে স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং ইসলামি প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা রক্ষায় অগ্রভাগে থাকবে।”
