ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা Islamic Revolutionary Guard Corps আইআরজিসি। বুধবার এক বিবৃতিতে কুর্দিস্তানে ইরান-বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলার তথ্য নিশ্চিত করে বাহিনীটি।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। লক্ষ্য ছিল কোমালা এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদরদপ্তর। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

গত মাসে ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি-বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেয়। তাদের ঘোষিত লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।

বুধবার মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই ইরানে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। একই প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা Central Intelligence Agency (সিআইএ) ইরান-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ করেছে। তারা ইরানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে তুরস্ক দাবি করেছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেটি লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট NATO-র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।

ফরাসি বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে এগোচ্ছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটি শনাক্ত করে আঘাত হেনে অকেজো করে দেয়।”

ঘটনার পর আঙ্কারা তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে—এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করা হয়েছে।

 

Walton Ads