ওমানের উত্তরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ Strait of Hormuz-এ একটি বাণিজ্যিক কন্টেইনার জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের United Kingdom Maritime Trade Operations UKMTO জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।

বুধবার (৪ মার্চ, ২০২৬) স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মাল্টার পতাকাবাহী জাহাজটি ওমান উপকূল থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ঠিক সেই সময় ক্ষেপণাস্ত্রটি জাহাজের জলসীমার ঠিক উপরে আঘাত হানে। মুহূর্তের মধ্যেই ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্রু সদস্যরা জাহাজটি পরিত্যাগ করতে বাধ্য হন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে এটি চতুর্থ দফার হামলা। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক শিপিং কোম্পানি এই রুটে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহন পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।

 

Walton Ads