তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পরই তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করা হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-কে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফোনে তিনি বলেছেন, ‘‘সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনও পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’’
আঙ্কারার আকাশসীমার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে। ন্যাটো ইরানের এই তীব্র হামলার নিন্দা জানিয়ে, তুরস্কসহ সকল মিত্র দেশের পাশে দৃঢ়ভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ‘‘আমরা তুরস্ককে লক্ষ্যবস্তু করার ঘটনায় ইরানের নিন্দা জানাই। অঞ্চলজুড়ে ইরানের নির্বিচার হামলার মুখে ন্যাটো তুরস্কসহ মিত্র দেশগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’’ তিনি আরও বলেন, ‘‘আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ সব ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী।’’
বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করার আগেই ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে আঘাত হেনে অকেজো করেছে।’’
