লেবাননে ইরানি দূতাবাসে হামলার কোনও চেষ্টা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই কঠোর বার্তা দেন।
বৈরুতের ইরানি কূটনৈতিক মিশনে তিনি বলেন, ‘ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমা ও নীতি উপেক্ষা করেছে।’ তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সংযম বজায় রেখেছে, যদিও তার সক্ষমতা বিশ্বের মধ্যে যথেষ্ট প্রভাবশালী।
শেকারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া ইরানের অন্য কোনও দেশের সঙ্গে শত্রুতা নেই।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনও আঘাত এলে, ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
শেকারচি আরও বলেন, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, আমরা নিঃসন্দেহে পাল্টা জবাব দেব।’
চলমান সংঘাতের মধ্যে তিনি পুনরায় অঙ্গীকার করেন, ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করা হবে, এবং এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে কখনও বিচ্যুত হবে না।
