ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দখলদার ইসরায়েলের তেলআবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ড্রোন এবং মিসাইলের সমন্বিত হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার চালানো এই হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যা মিসাইলের সঙ্গে যুক্ত ছিল। এই বোমাগুলো সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।
হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেখান সলিড ফুয়েলের মিডিয়াম রেঞ্জ হাইপারসনিক মিসাইল, যা ২০২২ সাল থেকে ইরান ব্যবহার করছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখা গেছে, ক্লাস্টার বোমাগুলো বিস্ফোরিত হয়ে বড় এলাকা জুড়ে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিটি খাইবার শাখেন মিসাইল থেকে ২০টি আলাদা বোমা ছড়িয়ে পড়ে, যাদের প্রতিটির ওজন প্রায় ২.৫ কেজি। এই বোমাগুলো বড় কোনো অঞ্চলে আঘাত হানলে বেশ ভালো ক্ষয়ক্ষতি করতে সক্ষম।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ক্লাস্টার বোমা হামলা কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর এবং ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থার পরীক্ষা নেওয়ার জন্যও প্রভাবশালী।
