বাহরাইনের রাজধানী মানামাতে একসঙ্গে দুটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া সেখানকার একটি আবাসিক ভবনও হামলার শিকার হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ভোরে এই হামলা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি উঁচু ভবনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
“ইরানের আগ্রাসী হামলা রাজধানী মানামার দুটি হোটেল এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি হয়নি।”
অসমর্থিত সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুতে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। তাই হোটেল ও আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, তবে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করছে।
