ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার ৫ দিন পর, ইরান আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে বেছে নেয়।
আইআরজিসির প্রধান দায়িত্ব হচ্ছে সীমান্ত রক্ষা করা এবং ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকার ও ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা করা। এই বাহিনী ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-এর নির্দেশে গঠিত হয়।
ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি আইআরজিসির গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের সময়ে (২০০৫-২০১৩) তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, আহমাদ ওয়াহিদির অভিজ্ঞতা ও নেতৃত্ব আইআরজিসিকে শক্তিশালী করতে এবং ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
