যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে ইরানে সামরিক অভিযান দ্রুত শেষ করার কথা বললেও এখন সেই বক্তব্য থেকে সরে এসেছেন। তিনি জানিয়েছেন, যত সময় লাগুক—ইরানে তার লক্ষ্য পূরণই প্রধান উদ্দেশ্য।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরের দিন, ১ মার্চ, সাংবাদিকদের তিনি বলেছিলেন, সামরিক অভিযান ৪ সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ তখন বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
গতকাল বৃহস্পতিবার, ব্রিটিশ সাময়িকী টাইম-কে টেলিফোনে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লক্ষ্য হলো—ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হবে না। চতুর্থ লক্ষ্য হলো—তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকবে না।”
ইরানে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে হামলার সম্ভাবনা ও সাধারণ মার্কিনীদের উদ্বেগ সম্পর্কে তিনি বলেন,
“আমার মনে হয়, উদ্বিগ্ন হওয়া উচিত। তবে মার্কিনিরা সবসময়ই এই উদ্বেগের মধ্যে থাকে।”
এ যুদ্ধে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ট্রাম্প এ প্রসঙ্গে বলেন,
“এটা খুবই দুঃখজনক; কিন্তু যুদ্ধে কিছু মানুষ নিহত হবে। আপনি যখন যুদ্ধে যাবেন, কিছু মানুষ নিহত হবেই।”
