ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী এখন খোলা, কিন্তু সবাই নয়। ইরানের অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের ইউরোপীয় মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। অন্যদিকে, এই তালিকার বাইরে থাকা দেশগুলোর জাহাজ বিনা বাধায় চলাচল করতে পারবে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি গতকাল ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০% এই প্রণালী ব্যবহার করে।

কারণেই হরমুজ প্রণালীকে বলা হয় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই পশ্চিমা বিশ্বের জন্য তাদের তেল রপ্তানি করে। প্রণালী বন্ধ থাকলে এই তেল সরবরাহে বড় ধরণের ব্যাঘাত ঘটতে পারত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার পর আইআরজিসি হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে। একই সঙ্গে কিছু জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস-এর তথ্য অনুযায়ী, ওই দিন থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

এ পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি উত্তেজনা বাড়তে থাকে, পশ্চিমা দেশগুলোকে বিকল্প পথ খুঁজতে হতে পারে।

 

Walton Ads