মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী ছোড়া ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১৯টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। শনিবার এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিরপেক্ষ করা হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, ৭ মার্চ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৫টি ধ্বংস করা হয়েছে, এবং একটি সাগরে পড়েছে।
সেইসাথে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২১টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে ১১৯টি ধ্বংস করা হয়েছে এবং বাকি দুটি আমিরাতের ভূখণ্ডে আছড়ে পড়েছে।
এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছিল, যা আঞ্চলিক হামলা প্রতিহত করার সক্ষমতাকে দুর্বল করতে পারে। ব্লুমবার্গ জানিয়েছে, সিএনএনের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার AN/TPY-2 রাডার ও সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
মার্কিন এক কর্মকর্তা পরে ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বজুড়ে মোট আটটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়ামও অন্তর্ভুক্ত।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানায়, প্রতিটি ব্যাটারির মূল্য প্রায় এক বিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ৩০ কোটি ডলার রাডারের জন্য ব্যয় হয়।
