মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইরানে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন। তিনি একই সঙ্গে ইরানের নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘‘আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে!’’ তিনি আরও বলেছেন, ‘‘ইরানের অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে; যা আমাদের পূর্বের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না।’’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এক বক্তব্যে বলেছেন, ‘‘তেহরান কখনো **ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না’’।’’ এই মন্তব্যের পরই ট্রাম্প ওই হুমকি দেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে। তিনি জানিয়েছেন, তেহরান প্রতিবেশীদের লক্ষ্যবস্তু করবে না, যদি তাদের ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনও হামলা না করা হয়।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং নতি স্বীকার করেছে। ইরান প্রতিশ্রুতি দিয়েছে, আর তাদের ওপর গুলি চালাবে না।

 

Walton Ads