ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তেহরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিতে প্রবেশ করা যেকোনো মার্কিন জাহাজের অবস্থান হবে সমুদ্রের তলদেশে।
শনিবার এক মুখপাত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুমকি এসেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) থেকে। এটি এমন সময় বলা হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে মার্কিন নৌবাহিনী দ্বারা পাহারা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।
আইআরজিসি মার্কিন বাহিনীকে সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীকে ধ্বংস করার অপেক্ষায় রয়েছে। বর্তমানে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল অনেকটা স্থবির হয়ে পড়েছে।
আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, “আমরা তাদের উপস্থিতির অপেক্ষায় আছি। মার্কিনিরা যেন ১৯৮৭ সালে সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটনে’ আগুন লাগার ঘটনা এবং সম্প্রতি লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর কথা মনে রাখে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে উল্লেখ করেছেন, কেশম দ্বীপে অবস্থিত প্ল্যান্টে হামলা চালিয়ে আমেরিকা “পরিষ্কার এবং বেপরোয়া অপরাধ” করেছে। ওই প্ল্যান্টে লবণাক্ত পানিকে পানীয় জলে রূপান্তরিত করা হয়।
তিনি আরও বলেছেন, পানি পরিশোধনাগারে মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে। ইরানের অবকাঠামোর ওপর এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ এবং এর পরিণতি মারাত্মক হবে। তিনি জোর দিয়ে বলেছেন, এই ধরনের নজির আমেরিকাই তৈরি করেছে, ইরান নয়।
