সৌদি আরব ইরানকে সরাসরি জানিয়েছে, তারা চলমান উত্তেজনা কূটনৈতিক উপায়ে সমাধান করতে চায়। তবে, যদি তাদের জ্বালানি খাতের ওপর হামলা অব্যাহত থাকে, তাহলে পাল্টা আক্রমণ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের চারটি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে, সৌদি আরব এই সতর্কবার্তা ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে পৌঁছে দিয়েছে।

গতকাল শনিবার, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের অঞ্চলে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোর ওপর হামলার ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার জন্য আমরা দুঃখিত।”

পেজেশকিয়ানের বার্তার আগেই সৌদি আরব ইরানকে সতর্ক করেছিল। মূলত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করতে তিনি এই বার্তা দেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই দিন আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় স্পষ্টভাবে দেশের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “আলোচনার মাধ্যমে যেকোনো যুদ্ধ বন্ধের উদ্যোগে সৌদি অংশ নিতে প্রস্তুত। তবে আমাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেওয়া হবে না।”

সৌদি কর্মকর্তা আরও সতর্কবার্তা দেন, “যদি আমাদের ভূখণ্ড এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকে, তাহলে একই ধরনের পাল্টা হামলা চালানো হবে।”

সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরব এখনো গোপন যোগাযোগের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই নিয়ে সৌদি ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।

 

news